ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একটি হত্যাচেষ্টা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, গ্রেফতার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লাকে মঙ্গলবার সকালে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।