সিলেটের আকাশ মেঘে ঢেকেছে। সিলেট অঞ্চলে আকাশভাঙ্গা বজ্রপাতসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বা এরও বেশি হতে পারে। বজ্রপাতের সময় প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকেলবিরত থাকার পরামর্শ দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এমনটা বলা হয়েছে।
এতে জানানো হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থার মধ্যেই আরো টানা পাঁচ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এক বার্তায় জানান, দেশের মধ্যাঞ্চল জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগের সুনামগঞ্জ, কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে বজ্রপাতে প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।