সিলেট সুরমা নদী থেকে শেখ সরওয়ার হোসেন (৫৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপশহর পয়েন্টের কাছে শাহজালাল সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সরওয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার মরহুম শেখ সাবের হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল থানার টিএন্ডটি কলোনি এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন শাহজালাল সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে শুনে নদী থেকে ভাসমান একটি লাশ পুলিশ উদ্ধার করেছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের সাথে থাকা দু’টি বাটন মোবাইল সেটের সিমকার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সাথে কথা হয়েছে, তারা সিলেটে আসছেন।
তিনি আরো জানান, নিহত সরওয়ার হোসেন কখন, কেন ও কিভাবে সিলেটে এসেছিলেন এ তথ্য জানা যায়নি। পরিবারের লোকজন এলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি সিলেটে বেড়াতে কিংবা মাজার জিয়ারতে এসেছিলেন।