ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। সৌন্দর্যের টানে ঈদের ছুটিতে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে প্রাণবন্ত। ভ্রমণপ্রেমীদের পদচারণায় পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটি যেন উৎসবমুখর।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটুম্বুর। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে নতুন রূপে ধরা দিয়েছে হ্রদটি। সেই সৌন্দর্যে মুগ্ধ হতে ঈদের ছুটিতে রাঙ্গামাটি ছুটে এসেছেন হাজারো পর্যটক।
পর্যটন ঝুলন্ত সেতু, পলওয়েল ইকো পার্ক, আরণ্যক, রাঙ্গাদ্বীপ, বার্গী লেক ও কাপ্তাই পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্পটে দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়াও বৃষ্টিতে প্রাণ ফিরে পাওয়া শুবলং ও বিলাইছড়ির বেশ ক’টি ঝর্ণার সবখানেই পর্যটকদের পদচারণায় মুখর।
ঈদের ছুটি ঘিরে আগেই শত শত পর্যটক বুকিং করে রেখেছেন রাঙ্গামাটির হোটেল-মোটেলগুলো। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবার পর্যটকের চাপ আগের চেয়ে অনেক বেশি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত টুরিস্ট পুলিশও। তারা বলছেন, ঈদের পুরো ছুটিজুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ঈদের টানা ছুটিতে পর্যটকরা রাঙ্গামাটি আসতে শুরু করছেন। পর্যটকের আগমন অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে।