মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিকস, মুদি মালামাল ও খাবারের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন- বাবুল হোসেন, রাজন ও আনোয়ার।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।