নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়নের দাবি তুলেছেন বিএনপির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি বলেছেন, যারা বিগত দেড় বছর আমাদের এবং সাধারণ জনগণের ওপর অন্যায়-অবিচার করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থেকেছে—তাদের সাথে কোনো আপস নেই। আড়াইহাজারের জনগণ তাদের ঘৃণা করে এবং প্রতিরোধ গড়ে তুলেছে।

আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরেরর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। বক্তারা সবাই আড়াইহাজারে মনোনয়ন পরিবর্তনের দাবি করেন।

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনেই জাতি ফিরে পেয়েছিল স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে দেশপ্রেমিক সেনা, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছিল।

এদিকে নোয়াখালী-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজার হাজার নেতাকর্মী।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম কামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার মিয়াজি, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন সুমন, ছাতার পাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া টিপু, জেলা তাতী দলের সদস্য হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন, ইলিয়াস পাটওয়ারী, শ্রমিক দল নেতা আয়ুব আলী, পৌর যুব নেতা সাজু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকীলসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সেনবাগে জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে হবে। বিগত দিনে যে ব্যক্তি তৃণমূলের সাথে ছিল না তাকে কেউ মেনে নেবে না।