রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (২০২৪ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ মে) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এছাড়া সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।
প্রতিটি অনুষদভুক্ত বিভাগগুলোর ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার জানান, সোমবার (১২ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী প্রথম দু’ সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।