নোয়াখালী সোনাইমুড়ীতে নিজ ঘরে বৃদ্ধা নারী সিতারা বেগমকে (৭০) গলা কেটে হত্যার ২০ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় দু’ চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের চিনে ফেলায় নারীকে গলা কেটে হত্যা করা হয়।

শনিবার (২১ জুন) দুপুরে তাদের নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের মরহুম মোফাজ্জল হকের স্ত্রী সিতারা বেগম গত বৃহস্পতিবার রাতে একা ঘরে ঘুমান। সিঁধ কেটে ঘরে ঢুকেন একদল চোর। বৃদ্ধা তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করে চলে যায় চোরের দল। পরের দিন শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় তার ঘরে যান এবং ভেতরে সিতারার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় শনিবার (২১ জুন) ভোর রাতে জেলার বেগমগঞ্জের দূর্গাপূর ও সোনাইমড়ুীর বজরা বাজার এলাকা থেকে দু’ চোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের কামলা বাড়ির রুহুল আমিনের ছেলে মোরশেদ আলম ওরফে মুন্সি (৩২) ও কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিনয়নগর গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম নুর নবী খোকনের ছেলে মো: মাহফুজুন নবী সুজন (৩৩)। শনিবার ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপূর এলাকা থেকে ক্লু-লেস হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি মোরশেদ আলম ওরফে মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার ভাষ্যমতে তার বসতঘরের শয়নকক্ষ থেকে ভিকটিম সিতারা বেগমের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, কয়েকটি প্রিন্ট শাড়ি, জামাকাপড় ও একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয়। একইসাথে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতের দিকে সোনাইমুড়ীর বজরা বাজার এলাকা থেকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামি সুজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, ঘটনাস্থল ও গ্রেফতার হওয়া আসামির হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় দা, একটি স্ক্রু ড্রাইভার, একটি অ্যানড্রয়েড ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘চোরকে চিনে ফেলায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়। আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার প্রধান আসামি সুজন ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন। আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।’