কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও সিএনজির সংঘর্ষে সারোয়ার হোসেন (১৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো দু‘জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরন্যপাশা গ্রামের মরহুম আনোয়ার হোসেনের ছেলে। আহতরা একই এলাকার মালেক মিয়ার ছেলে আশরাফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)।

সূত্রে জানা গেছে, সিএনজি করে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকাল ৮টার দিকে মরুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সারোয়ার হোসেন নিহত হন এবং অপর দু’জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।