বগুড়ার নন্দীগ্রামে ঈদ শপিং শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় শামীমা আক্তার (৩৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং বোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় শামীমা আক্তারের স্বামী ও ছেলে সানজিল গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঈদ শপিং শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুল হাকিম ও তার স্ত্রী-ছেলে। এ সময় মোটরসাইকেলটি মহাসড়কে ওঠলে বগুড়াগামী সেঞ্চুরি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামীমা মারা যান।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‘বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে।’