সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড সেবা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় রাস্তার দু’পাশে জনদুর্ভোগের কারণে তাদেরকে সড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মদনপুর এলাকায় হাসপাতালের সম্মুখে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আকস্মিক অবরোধে সড়কের তিন দিকে শত শত গাড়ি আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে শান্তিগঞ্জ সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানায়। শিক্ষার্থীরা অনুরোধ প্রত্যাখ্যান করে অবরোধ চালিয়ে যেতে থাকলে জনদুর্ভোগের কারণে হালকা লাঠি চার্জ করে সেনাবাহিনী।

শিক্ষার্থীদের ওপর হালকা লাঠিচার্জ করে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ সরাতে সেনাসদস্যদের কৌশলগত হালকা লাঠি চার্জের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে ও জনস্বার্থে সেনাবাহিনী প্রশংসিত হয় স্থানীয়ভাবে।

এদিকে, বিকেলে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শহরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

এ সময় দ্রুত ওয়ার্ড সেবা চালুসহ মেডিক্যাল কলেজের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের মদনপুরে অবস্থিত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও কলেজ হাসপাতালটি দ্রত চালুসহ শিক্ষার্থীদের রোববার সকালে অবরোধ চলাকালে সেনাবাহিনী সদস্যরা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা ঠিক হয়নি। মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ওয়ার্ড সেবা চালুর দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। যাত্রীদের দুর্ভোগ লাঘবে তাদের সেখান থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী।