নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে (নবেসুমি) পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের মতো প্রণোদনার পাঁচ শতাংশ টাকা ও অভ্যন্তরীণভাবে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

বুধবার (৭ মে) সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।

পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

এ সময় তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দফতরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।

শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ এ সময় বক্তব্য দেন।

এ সময় বক্তারা শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগপত্র, সরকার কর্তৃক প্রণোদনার পাঁচ ভাগ টাকা পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের মতো প্রতিমাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সকল দৈনিক হাজিরায়/চুক্তিভিত্তিক জনবলকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এছাড়া আগামী ২৩ মে-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক ও কর্মচারীরা।