ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি (পাস কোর্স) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পরে দুপুরের দিকে নার্সিং শিক্ষার্থীরা ‘এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (সম্মান) সমমান চাই’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউটের সামনে জড়ো হন।

জানা গেছে, জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, তিতাস নার্সিং কলেজ ও ইউনাইটেড নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।

হাফিজা সুলতানা বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নার্সিং শিক্ষায় প্রবেশ করছি। আমরা নার্সিং শিক্ষাব্যবস্থার উন্নতি চাই। তিন বছর ডিপ্লোমা সম্পন্নের পরও আমাদের এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়।’

জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মো: আরিফ বলেন, ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবির কথা উল্লেখ করা হয়। আমাদের দাবি যৌক্তিক এবং মেনে নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু এর কোনো অগ্রগতি নেই।’