মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভুয়া মালিক সেজে দলিল জাল করে প্রতারণা করা মামলায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষনা করেন। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫৮), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড় কান্দি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে নেছার উদ্দিন (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো: বুলবুল আহমেদ।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ মার্চ আসামিরা যোগসাজসে মামলার বাদি সিরাজদিখান উপজেলার চান্দেরচর গ্রামের মরহুম কলন্দর মৃধা ওরফে কলমতোর মৃধার ছেলে নিজাম উদ্দিন মৃধা ওরফে মিজান মাস্তান (৫৫)-এর নাম ও স্বাক্ষর ব্যবহার করে সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করেন। পরে ওই দলিল দিয়ে আসামিরা সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করলে বাদি জানতে পারেন যে তার নাম ও স্বাক্ষর নকল করে দলিলটি করা হয়েছে। এ ঘটনায় নিজাম উদ্দিন ২০২২ সালে মুন্সিগঞ্জ আমলি আদালত-২ এ মামলা করলে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। তদন্তে আসামিদের জাল দলিলেল বিষয়টি প্রমাণিত হয়। মামলাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীনে থাকা অবস্থায় সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে বাদিপক্ষের আইনজীবী আলেয়া খাতুন আলো বলেন, আদালতের রায়ে আমরা বাদিপক্ষ সন্তুষ্ট হয়েছি।