টঙ্গীতে নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতা ও মাদককারবারির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে খাঁ-পাড়া পাঞ্জুখা রোডে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ আগে অভিযুক্ত সুমন শেখ (৩৫) ও আব্দুল্লাহ আল মামুনের (৪৩) ইন্টারনেট ও ডিশ লাইনের কাজ করতেন। তাদের মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি জানার পর চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই নূর মোহাম্মদকে নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছিল।

সূত্রে আরো জানা গেছে, ঘটনার দিন রাতে চিহ্নিত মাদককারবারি আল মামুন ওরফে মামুন হাওলাদারের নির্দেশে সুমন শেখের টর্চার সেলে নূর মোহাম্মদকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে সুমনসহ আরো দুই থেকে তিনজন তাকে মারধর শুরু করে। একপর্যায়ে সুমন চাপাতি দিয়ে মাথায় কোপ দিতে উদ্যত হলে নূর মোহাম্মদ হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। ফলে তার ডান হাতের তালুতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ১১ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার হাতে ছয়টি সেলাই করা হয়।

এ ঘটনায় নূর মোহাম্মদ টঙ্গী পশ্চিম থানায় সুমন, মামুনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে দাবি করা হয়েছে, সুমন স্থানীয় যুবলীগের সক্রিয় সদস্য এবং মামুন একাধিক মাদক মামলায় জড়িত।