দীর্ঘদিন পর আগামীকাল শুক্রবার ময়মনসিংহে বিশাল কর্মী সম্মেলনে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতাকর্মীরা। এই কর্মী সম্মেলনকে ঘিরে ময়মনসিংহ শহরে এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
জানা গেছে, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়াবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামীউল হক ফারুকী।
বিশাল এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে সভামঞ্চ ও শেষ মুহূর্তের প্রস্ততি চলছে। আশপাশসহ এলাকায় লাগানো হয়েছে অসংখ্য মাইক। পাশাপাশি জেলাজুড়ে চলছে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ।
ময়মনসিংহের জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম বলেন, ‘দীর্ঘদিন পর বড় ধরনের একটি সভার আয়োজন করা হয়েছে। আগামী কাল শুক্রবার সকাল ৮টার দিকে এই সমাবেশটি শুরু হবে। বিগত ১৬ বছরে আমরা আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের নিষ্পেষিত হয়েছি। বিশাল এই জনসমাবেশের মাধ্যমে আমরা ময়মনসিংহবাসীকে আমাদের কর্মসূচি, কার্যক্রম ও আগামী দিনের ভাবনা জানিয়ে দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমিরে জামায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহের মানুষের জন্য, দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর মাধ্যমে জামায়াতে ইসলামী ময়মনসিংহ নতুন মাত্রায় মূল্যায়িত হবে বলে আশা করি।’
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘জামায়াতে ইসলামীর জনসমাবেশকে ঘিরে আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকেও পুলিশ থাকবে। তাদের এই জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে আমাদের পুলিশ সদস্যরা কাজ করে যাবেন।’