মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী ইসলামপুর (ফুলতলা) গ্রামের আলম ঢালির বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের টরকী গ্রামে আলম ঢালির বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের পেছন থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ঝুলানো অবস্থায় লোহার তৈরি মরিচাযুক্ত (পরিত্যক্ত অবস্থায়) সিলভার কালার একটি দেশীয় পাইপ গান ও দুই রাউন্ড লিডবল কার্তুজ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ অস্ত্র-গুলির মালিকানা প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।