রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত চলে এ সেমিনার।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘রুয়েট একটি গবেষণানির্ভর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনী গবেষণার সমন্বয়ে জ্ঞানচর্চা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নৈতিকতা দিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সেমিনার আপনাদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষা ও গবেষণার মাধ্যমে রুয়েটকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন।
সেমিনারে রিসোর্স পারসন ছিলেন রুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক ড. মো: শহীদ উজ জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রোডাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ড. মো: মামুনুর রশীদ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ল্যাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।