বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘দুঃশাসন ও বৈষম্য থেকে সমাজকে উদ্ধারের জন্য জামায়াত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বেড়েছে এবং মানুষ সংশোধন হচ্ছে না। সুশাসনের অভাবে সংবাদপত্র ও সাংবাদিকেরাও আক্রান্ত হচ্ছে। যেদিন সৎলোকের শাসন কায়েম হবে সেদিন সকল বৈষম্য সমাজ থেকে বিদায় নেবে।’
সোমবার (১৭ মার্চ) গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সাবেক আমির আবুল হাশেম খান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল হাসান, মহানগর জামায়াতের নায়েবে আমির গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো: হোসেন আলী, মেট্রো সদর থানা জামায়াতের আমির ও গাজীপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটো, সেক্রেটারি শাহ শামসুল হক রিপন, সহ-সভাপতি মো: রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি খাইরুল ইসলাম, মুজিবুর রহমান, গাজীপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ফজলুল হক মোড়ল, টঙ্গী প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মো: আজিজুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও মহানগরীর সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।