রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের ধুঞ্চী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মণ্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, ‘মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল। সম্ভবত মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, ‘মোটরসাইকেলচালককে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।’