বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘পবিত্র রমজান মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কোরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিকদের এগিয়ে আসতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য কোরআনের শাসন ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই।’
সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত নাইওরপুলের কাছে একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিলেট মহানগরের উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতা উদ্দিন ও সিলেট অঞ্চল পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ।
এছাড়া ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সভাপতি এস এম মনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।