নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ পালন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে র্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে নোবিপ্রবি আইকিউএসি সেমিনার কক্ষে ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস: প্রোটেকটিং ইনোভেশন ইন এ গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘মেধাস্বত্ব অর্জনের প্রক্রিয়াগুলো সম্পর্কে আমাদের আরও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। একইসাথে আমাদের শিক্ষকরা তাদের গবেষণার ফলকে মাঠ পর্যায়ে নিয়ে আসবেন এবং বাণিজ্যিকীকরণ করবেন।’
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।