রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলটির রাজশাহী মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচনে গেলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য নির্বাচন হোক এটি আমরা চাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতেই হবে। জাতির স্বার্থে যে সংস্কারগুলো খুব জরুরি সেগুলো আগে করতে হবে।'
ড. কেরামত আলী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যদি আবার এসে যায় তাহলে কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আগামী দিনে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আমাদের মাথার ওপরে আসতে না পারে। পরাজিত শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর কোনো দিন যেন বাংলাদেশের মাটিতে এসে ভিত্তিস্থাপন করতে না পারে, সেই জায়গাটি আমরা আর কোনো দিন দেখতে চাই না।'
তিনি আরো বলেন, ‘আমরা আগামী দিনে দেশের এমন একটি পরিবর্তন চাই যেটি আল্লাহ তায়ালা তার কুদরতি শক্তি দিয়ে করেন। আগামী দিনের নির্বাচন যেন কলুষিত না হয়, টাকার কাছে নির্বাচন যেন জিম্মি না হয়। ব্যবসায়ীর টাকার কাছে নির্বাচন যেন এদিক-ওদিক চলে না যায়। মানুষ যেন তার ন্যায়-সঙ্গত, যুক্তিসঙ্গত হয়, যাকে পছন্দ তাকে যেন ভোটটি দিতে পারে। আগামী দিনে এমন একটি নির্বাচন করে আমরা জাতির ভাগ্যের পরিবর্তন করবো, ইনশাআল্লাহ।’
কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে রমজানের ফজিলতের বর্ণনা করতে দিয়ে মহানগরী আমির বলেন, ‘যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাসটিই হচ্ছে রমজান মাস। কোরআন নাজিল করা হয়েছে এজন্যই রমজানের মর্যাদা এতো বেশি। এজন্য রমজানের যে শিক্ষা সেটি আমাদের নিতে হবে। রমজানের শিক্ষা বাকি ১১টি মাসে বাস্তবায়ন করে একটি পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।'
জামায়াতের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, দৈনিক সংগ্রামের বিশেষ সংবাদদাতা সরদার আব্দুর রহমান, কথাসাহিত্যিক ও সাংবাদিক ডা: নাজিব ওয়াদুদ, রাজশাহী মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুল আউয়াল, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, জামায়াতের রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।