সিলেটে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা দিয়েছেন সিলেট মহানগর জামায়াত।
রোববার (২৩ মার্চ) মহানগরের দক্ষিণ সুরমার ২৬ নম্বর ওয়ার্ডের ঝালোপাড়া গ্রামের ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত পংকজ কুমার করের বাবা নিখিল কুমার করের হাতে এই উপহার দেয়া হয়।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। এদেশে গণহত্যাকারী নৃশংস আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলন মৃত্যুবরণকারী ও আহতরা আমাদের সম্পদ। জামায়াত সব সময় তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জামায়াতের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়েছে। জুলাই আন্দোলনে স্বজন হারানো পরিবারে এবার অন্যরকম ঈদ পালন করবে। আমরা তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে চাই।
এ সময় দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম মুসা, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ, ২৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারি মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিট সভাপতি মাতাব আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, কামরুল ইসলাম ও পল্লব কুমার কর প্রমুখ উপস্থিত ছিলেন।