ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকারযোগে অটোরিকশার গতিরোধ করে অটোযাত্রী ভুক্তভোগী রোমা আক্তারের কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টা ১০ মিনিটের দিকে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোমা আক্তার সোনারগাঁ পৌর এলাকার গোয়ালদী গ্রামের মো: মামুন মিয়ার স্ত্রী। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।
রোমা আক্তার জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ইসলামী ব্যাংক থেকে মঙ্গলবার সকালে তিনি জমি ক্রয়ের বায়না দেয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি তার বড় বোন জামাই পলাশ আহম্মেদকে সাথে নিয়ে অটোরিকশাযোগে মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়ে ঋণের ১০ হাজার টাকা কিস্তি পরিশোধের জন্য ব্র্যাক এনজিওতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়মুখী রাস্তায় পেছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের গতিরোধ করে সাথে থাকা ৭ লাখ ৪০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশের একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মহাসড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন, ‘ছিনতাইয়ের খবর শুনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করি, দ্রুত ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার শনাক্ত করে ছিনতাইকারীদের গ্রেফতার করা হবে।’