রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করার কিছুক্ষণ পর ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গেছে মধুমতি এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেনটি থামার ১৫ মিনিট পর আবারো যাত্রা করে।

জানা গেছে, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থেমে যায়। ট্রেন চালক একবার চেষ্টা করে কিন্তু কিছু দূর গিয়ে থেমে যায়। এর কিছুক্ষণ পরে আবারো ট্রেনটি থেমে যায়। ফলে বনলতা এক্সপ্রেস ট্রেনও ১৮ মিনিট দেরিতে ছাড়তে হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। পরে সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবারো থেমে যায়। এর পর ট্রেনটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এ সময় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে গেলে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। হরিয়ান স্টেশন এলাকায় মধুমতি ট্রেনটি প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পরপরই হুইল স্লিপ করছিল। বৃষ্টির পানিতে ভিজে থাকায় এ সমস্যা সৃষ্টি হয়। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আস্তে আস্তে যাচ্ছিল মধুমতি। আর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে বলে জানান তিনি।