যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ককটেল বিস্ফোরণ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানা পুলিশ তাকে আটক করেছে। ইমরান শিকদার ঝিকরগাছার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের কাশেম শিকদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জি এম ইমরান হোসেন রাজু জানান, ইমরান শিকদার অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারই অংশ হিসেবে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে ইমরানসহ তার সহযোগীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তারা পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই মামলায় তাকে আটক করা হয়েছে।