বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম পিন্টু (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া তালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আমিনুল ইসলাম পিন্টু বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের করা ফোরকান হত্যা মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘ফোরকান হত্যা মামলার তদন্তে আমিনুল ইসলাম পিন্টুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’