ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী রামপুর ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি সিএনজি এবং বিজয়নগর উপজেলার চান্দুরা হইতে সিমলাগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহানের ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (২৬), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) ও সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩) নিহত হয়েছেন।

নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহতরা হলেন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীশিমা গ্রামের সিএনজিচালক আল আমিন (২৪)। তারা সিএনজি আরোহী ও চালক।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করেছে। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।