নাটোরের সিংড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) রাত ১০টায় সিংড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ সংসদের ছাত্রলীগের সাবেক জিএস উম্মে আমারা ইসলাম সুখির ছোট ভাই।

তবে এই ঘটনায় তার বোন উম্মে আমারা ইসলাম সুখি জড়িত থাকলেও তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির উস্কানিদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে আলেম সমাজসহ ইসলামী বিভিন্ন সংগঠন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে ওই যুবক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবক ও তার বোন উম্মে আমারা ইসলাম সুখির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে। এরপর থানার সামনে ছাত্রদল, ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয় জনতা উপস্থিত হয়ে বিচার দাবি করলে পুলিশ ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। আর এ বিষয়ে নিষিদ্ধ সংগঠনের যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম বিদ্বেষী উক্তিকে শেয়ার ও কমেন্টের মাধ্যমে প্রচার করে সহযোগিতা করেছে সবাইকে আইনে আওতায় আনা হবে।