বগুড়ায় অভিনব কায়দায় পেটে আনা ৩৪ প্যাকেট ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বগুড়া নদরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো: আলম (৪০) জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। অন্য দুই সহযোগী হলেন মো: আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা: স্মৃতি বেগম (৩০)। তারা বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাদের স্থায়ী ঠিকানা শহরের আটাপাড়া এলাকায়।
বগুড়া ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আবু জাফর জানান, ‘আটক আলমের পেট থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। এতে এক হাজার ৭০০ পিস ইয়াবা ছিল। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’