মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় গাঁজা সেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) মদন থানার এসআই হাসানুর রহমানের নেতৃত্বে এএসআই মাহফুজ রহমান, কনস্টেবল ফরিদুল ইসলাম ও কনস্টেবল সাইদুর রহমানের সমন্বয়ে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করেন তারা।
আটক ব্যক্তিরা হলেন— বাঘমারা গ্রামের রোমান (২২), মো: কামরুল (৩৮) ও বিশাল (২২)।
আটক ব্যক্তিদের মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।