ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে আমাকেসহ জাতীয় পার্টিকে ব্লাকমেইলিং করেছিল, ঠিক সেভাবেই আমার মুখ বন্ধ করার জন্য দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য ফাসিবাদরা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরীর স্কাইভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে তিনি দুই দিনের সফরে রংপুরে এসে মুন্সিপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি পল্লী নিবাসে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এরপর সেনপাড়ার বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সাথে।
এ সময় প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমানে হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার সাথে ছিলেন।
নিজের সম্পর্কে উঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘২০১৪ সালে আমি নির্বাচন না করার কারণে শেখ হাসিনা আমার পেছনে সমস্ত এজেন্সি লাগিয়েছিল আমার দুর্নীতি বের করার জন্য। কিন্তু আমার এক টাকার দুর্নীতিও বের করতে পারে নাই। এখন আমার দুর্নীতি বের করছে কী- যে আমি নমিনেশন দিয়ে, পদপদবি দিয়ে, ওখানে এখানে ২ হাজার, ৫ হাজার টাকা নিয়েছি। এটা হলো আমার দুর্নীতি। মানে আমার মুখটা বন্ধ করার জন্য। শেখ হাসিনা যেটা করেছে ফ্যাসিবাদ। এখন নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছে। আমাদের ধমক দিয়ে, বিভিন্নভাবে ব্লাকমেইল করে ঠিক তেমনিভাবে এখনো আমাকে ব্লাকমেইল করতে চাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমি ২৫ বছর চাকরি করেছি। দুটি লুকেটিভ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। হাজার কোটি টাকা আমি লেনদেন করেছি। এক টাকার দুর্নীতিও আমার বের করতে পারেনি কেউ।’
আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল। দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি। তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়ি তো খারাপ না। এগুলো বুঝতে হবে। দেশের একটা বিশাল অংকের জনসংখ্যাকে বাইরে রেখে, যেটা হাসিনা করতে চেয়েছিল। হাসিনার ফ্যাসিবাদী আবার দেখছি। হাসিনা অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করেছে। জোর করে কাউকে বাদ দিয়েছে। জোর করে কাউকে নিয়ে এসেছে। এনারাও (অন্তর্বর্তী সরকার) আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করতে চাচ্ছে। এ ধরনের ইলেকশনেরে কোনো গ্রহণযোগ্যতা আসবে না। দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। দেশ সামনের দিকে আরো সঙ্ঘাতময়-দুর্যোগপূর্ণ পরিস্তিতিতে চলে যাবে।’
এদিকে শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পাটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।