নাটোরের সিংড়ায় দেশীয় অস্ত্রসহ আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
রোববার (১১ মে) রাতে বাংলাদেশ সেনাবাহিনী তাকে আটক করে থানায় সোপর্দ করে।
আটক হওয়া আব্দুল কুদ্দুস আকন্দ উপজেলার বামিহাল গ্রামের মরহুম খোকা আকন্দের ছেলে এবং উপজেলা শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।
সূত্রে জানা যায়, এলাকায় চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ পেয়ে উপজেলার বামিহাল বাজারে আব্দুল কুদ্দুস আকন্দের ব্যক্তিগত বিএনপির কার্যালয়ে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এদিকে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আটকের পর তার ব্যক্তিগত কার্যালয় ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার মান ক্ষুন্ন করতেই একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে এই হয়রানি করছে।’
এদিকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দাউদার মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস নামের একজন ব্যক্তি দলের অনুমোদন ছাড়া বামিহাল বাজারে ব্যক্তি উদ্যোগে দলীয় অফিস বানিয়ে দলের পরিচয় বহন করে বিভিন্ন অনিয়ম, বিশৃংখলা, সন্ত্রাস, চাঁদাবাজি, পুকুর দখল, ভূমি দখলসহ বিভিন্নভাবে শক্তি প্রদর্শন ও অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত দিনে তার নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের ১০ থেকে ১২টি মামলা রয়েছে। তাকে এলাকার চিহ্নিত সস্ত্রাসী দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দাউদার মাহমুদ।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক দায়িত্বপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।’