গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার তৌহিদা জনতার উদ্যোগে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সাটুরিয়া বাসস্ট্যান্ডে অগ্রণী ব্যাংকের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরগজ মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াহাবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস ছামাদ, খেলাফত মজলিশ সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের ইসলামের সাটুরিয়া উপজেলা আমির আবু সাঈদ বিএসসি, নান্দেশ্বরী ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, সাটুরিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফিরুজী।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে মুসলিম দেশের প্রধানরা আঙ্গুল চোষছেন। কী কারণে তারা প্রতিবাদ করছে না? কেন নিশ্চুপ? আমাদের বুঝে আাসছে না! বাংলাদেশ সরকারকে গাজাবাসীর পক্ষে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইসরাইলকে সমর্থন দিচ্ছে।
উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশ শেষে র্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাটুরিয়া বাসস্ট্যান্ডে আসেন। পরে গাজাবাসীদের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও র্যালি সমাপ্ত ঘোষণা করেন।