যশোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় লিটন হোসেন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে ওই এলাকার আবু তাহেরের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মী লিটন হোসেন সিমান্তবর্তী শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে বলে জানা গেছে।

নিহতের বাবা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ: মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সাথে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারা ইতঃপূর্বে লিটন হোসেনকে একাধিকবার মারধরও করে। ঈদের আগের দিন তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে লিটন হোসেনকে আবু তাহেরের মুদি দোকানের সামনে একা পেয়ে আ: মমিন, সেলিম হোসেন ও রমজান আলীরসহ অজ্ঞাত আরো তিন থেকে চারজন অতর্কিতভাবে হামলা করে এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটন হোসেনকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ‘ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আটক করতে পুলিশি অভিযানের চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।