জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রোববার (৪ মে) রাত ৯টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরি গাজীপুর মহানগর শাখা।

জানা গেছে, ‘হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে হাসনাত আব্দুল্লাহকে তাৎক্ষণিকভাবে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি) ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম তাকে ঢাকায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কমিশনার, ড. নাজমুল করিম খান।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান বলেন, ‘রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার ডান হাতে জখম হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে পুলিশি নিরাপত্তায় ঢাকা পাঠানো হয়েছে।

এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই বর্বরোচিত হামলা আওয়ামী লীগের ছত্রছায়ায় সংঘটিত। আমরা বিশ্বাস করি, ছাত্রলীগ ও যুবলীগ এর সাথে জড়িত। হামলাকারীদের আড়াল করা হলে রাজপথেই জবাব দেয়া হবে।’