বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্মার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দেবো।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকল্প হাতে নিলেও পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেপাটের ধারাবাহিকতা এখনো বিদ্যমান থাকায় এখানে দৃশ্যমান পরিবর্তন হয়নি।
বুধবার কোতোয়ালী থানার ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের বিশিষ্টজনদের সম্মানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সহযোগিতা দেখা যায়নি।
তিনি সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, নিরাপদ আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয় একটি হল রুমে আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের আমির মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালী থানার আমির আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জোবায়ের।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কাজী নাসির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মুরাদ, বিশিষ্ট সমাজসেবক এম, রহমান বাবুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম শুকরিয়া, ইসলামী ছাত্রশিবির আন্দরকিল্লা ওয়ার্ড সভাপতি ছগির আহমদ ও শ্রমিক নেতা কামরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে কোতোয়ালী থানা শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল কবীর, আন্দরকিল্লা ওয়ার্ডের নায়েবে আমির শামসুল হক সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দীন খালেদ, ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ জানে আলম, মোহাম্মদ রাসেল, নুরুল হক, সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।