গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত ১৪ মাসে রাজশাহী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতে মোট ৪ হাজার ১৮৭টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় ৮০ শতাংশ নিষ্পত্তি হয়েছে। ফলে এসব মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৬১ টাকা আদায় হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে রাজশাহীতে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান ও রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।

কর্মশালায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি সংস্থাগুলো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে তুলে ধরা হয়।