নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা ও সঙ্কটগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে রিসোর্সসমূহ রয়েছে তার সুষম ব্যবহার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, ‘গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এ ঝুঁকিসমূহ মোকাবিলা করে নিজ উদ্যোগে তা নিরসনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে, যেন আত্মপরিচয় সঙ্কটে পড়তে না হয়। গ্র্যাজুয়েশন পরবর্তী এ সঙ্কট যত দ্রুত উত্তরণ করা যাবে, জীবনে সফলতাও তত বৃদ্ধি পাবে।’

পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।