ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ও ভৈরব নৌ থানার একটি দল সহযোগিতা করে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

জব্দ ড্রেজারগুলো হলো- মেসার্স আবির ট্রেডার্স, আবাবিল ড্রেজিং প্রকল্প, সাকিব সাব্বির লোড ড্রেজার, আতিবা আদিবা লোড ড্রেজার, আল্লাহ সর্ব শক্তিমান ড্রেজার, গাউসিয়া লোড ড্রেজার ও জোন শাহ ড্রেজার। এছাড়া ‘জিয়া এন্ড সাব্বির এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্কহেডও জব্দ করা হয়।

জব্দ ড্রেজার ও বাল্কহেড ভৈরব নৌ থানার জিম্মায় রাখা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’