ফেনীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক বন্ধন পুনরুদ্ধার (রিস্টোরিং ফ্যামিলি লিংকস) কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ফেনী পৌর মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন মিষ্টার এবং ফেনী পৌর প্রশাসক মো: দিদারুল আলম।

প্রশিক্ষণে দুর্যোগ, যুদ্ধ কিংবা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে কিভাবে পুনরায় একত্রিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো: নাজমুল হক।

এ সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো: মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান ও মেজবাহ উদ্দিন মিয়াজি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এ খালেক বলেন, ‘রেড ক্রিসেন্টকে সক্রিয় করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্টকে। আমরা যেন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারি সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। বন্যা ও মহামারীতে রেড ক্রিসেন্ট কাজ করে যায়। ২৪-এর ফেনী বন্যায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।’

তিনি বলেন, ফেনীতে যারা বেকার ও অদক্ষ রয়েছে, তাদের দক্ষ করার জন্য কাজ করতে হবে। তাদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের জন্য আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা কাজ শুরু করেছি। কিছুটা অগ্রগতি হয়েছে আমাদের। খুব শিগগিরই হয়তো আমরা পেয়ে যাবো।