চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তাহসির (১৬) এবং অটোরিকশার যাত্রী রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমঘুয়া গ্রামের গৃহবধূ লিলু বেগমসহ আরো ৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত লিলু বেগম বলেন, আমরা অটোরিকশায় ফরিদগঞ্জের উদ্দেশে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে অপরদিক থেকে আসা মোটর সাইকেলটির সাথে আমাদের গাড়ির ধাক্কা লাগে। এ সময় আমরা পড়ে যাই এবং মোটরসাইকেল চালক মেহরাজ মাহমুদ মারা যায়।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর আমরা ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের সিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, আরোহী মেহরাজ মাহমুদ জুম্মান স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে অনেক মেধাবী ছিল। তাকে নিয়ে আমাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল। সড়ক দুর্ঘটনায় সে স্বপ্ন নিভে গেল।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫ জন রোগী এসেছেন। তার মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি, বাকি ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারপূর্বক আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।