রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের অবমাননার অভিযোগে ফেনী সরকারি কলেজ ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন ফালাহিয়া মাদরাসা থেকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে বাসস্ট্যান্ডের সামনে এসে মানববন্ধন করেন।
এর আগে দুপুর ১২টায় ফেনী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন কলেজটির বিভিন্ন বর্ষের ছাত্রীরা।
আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী মাহিরা মুবারক বলেন, ‘২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও আমাদের আসলে স্বাধীনতা কোথায়? মুসলমান দেশে মুসলমান নাগরিক হয়েও আমরা হিজাব পরতে পারি না। হিজাব পরলেও ভিকারুননিসা নূন স্কুলের মতো প্রতিষ্ঠানে অবমাননা করা হয়। আমরা মুসলমান, এটা আমাদের ওপর ফরজ। হিজাব পরাটা আমাদের স্বাধীনতা। হিজাব নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ভিকারুননিসা নূন স্কুলে অবমাননার নিন্দা জানাই আমরা।’