স্বাধীনতার পর থেকে শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি মন্তব্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, ‘শ্রমজীবী মানুষদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রচলিত রাজনীতির মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে। তাই শ্রমজীবী ভাইদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল হতে হবে।’

শুক্রবার (১৬ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, ‘আমরা তথাকথিত রাজনৈতিক দলের মতো শ্রমজীবী ভাইদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। আমরা শ্রমজীবী ভাইদের কোরআন ও হাদীসের আলোকে আল্লাহর সৈনিক হিসেবে গড়ে তুলতে চাই। যাদের জীবনের প্রত্যেকটি স্তরে থাকবে হালাল উপার্জন ও পরকালের ভয়।’

তিনি বলেন, ‘খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। তাই শ্রমজীবী ভাইদেরকে কোরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিতে হবে। একইসাথে পরিবারের সদস্যদের ইসলামী অনুশাসন মেনে চলায় উদ্বুদ্ধ করতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।’

ফেডারেশনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় দায়িত্বশীল কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। কর্মশালায় দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অর্থনীতির মূল চালিকাশক্তি হয়েও আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হলেন শ্রমজীবী মানুষ। তাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, কাজের ন্যায্য পরিশ্রামিক নেই। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।’

এ সময় কর্মশালায় বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মো: আলাউদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাছ আলী, নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার ও আল মোমিন প্রমুখ।

এছাড়া কর্মশালায় ফেডারেশনের সিলেট মহানগর ও বিভাগের চার জেলা মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ৫৫টি ট্রেড ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন।