সিলেট নগরীর টিলাগড়ে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে টিলাগড়ের কল্যাণপুর শাপলাবাগ আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে হতাহতের ঘটনা না ঘটলেও ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানা গেছে। বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় নগরীর টিলাগড়ে শাপলাবাগ আবাসিকের সালাম মিয়ার বাসায় রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের উৎপত্তি। রান্নাঘরের রশিতে কাপড় শুকাতে থাকায় আগুন কাপড়ের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
বিকেলের খাবার শেষে সবাই বাসায় ঘুমিয়ে পড়ে। বাইরের লোকজন রান্নাঘরে আগুন ও ধোঁয়া দেখে তাদের ডেকে ঘুম থেকে তোলেন ও সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে না পারলেও পুলিশের ভাষ্য প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: মামুন মিয়া দৈনিক নয়া দিগন্তকে বলেন, নগরীর টিলাগড় এলাকার একটি বাসা-বাড়িতে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এসএমপির শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: মুজিবুর রহমান দৈনিক নয়া দিগন্তকে বলেন, টিলাগড়ের শাপলাবাগে একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে- এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ, ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।