মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কর্মচারী ও রোগীরা। ভবনের দেয়াল, সিলিং ও করিডোরে ফাটল দিনদিন বাড়ায় ঝুঁকি আরো বাড়ছে।

রোগী ও স্বজনরা জানায়, ভবনের নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ ও বহির্বিভাগে ফাটল আরো স্পষ্ট হওয়ায় নিরাপত্তাহীনতা বেড়েছে।

হাসপাতালের কর্মকর্তারা জানায়, পুরোনো ভবনটির নিয়মিত সংস্কার না হওয়ায় এখন পুরো কমপ্লেক্সই ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে, যা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয়রা বলেন, উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রুত সংস্কার না হলে সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল মালেক বলেন, ‘ভবন ও কোয়ার্টারগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।’