যশোরে এক ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ দু’জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

আটক ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মরহুম আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন বলে জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ‘চার থেকে পাঁচ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। সেখানে একটি কুঁড়েঘরে স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করে। ভাটার কাজের সূত্র ধরে তাদের সাথে পরিচয় হয় ওই নারীর।’

শুক্রবার রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ওই সময় রাব্বি হোসেন তাকে সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। তাদের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, ‘অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’