বান্দরবান থানচির রেমাক্রি ইউনিয়নে বিক্রির উদ্দেশে সংগ্রহে রাখা এক ব্যক্তির কাছ থেকে দুর্লভ প্রজাতির দুটি মূল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বান্দরবান বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পাখি দুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
বান্দরবান বন বিভাগের কর্মকর্তারা জানায়, বান্দরবানের পাহাড় ও বনের সৌন্দর্য রক্ষা ও বন্যপ্রাণী রক্ষার জন্য বন বিভাগের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে গত ২ জুলাই মূল্যবান রাজ ধনেশ পাখি দুটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার পাখিগুলো আকারে ছোট হওয়ায় সেগুলোর স্বাস্থ্যরক্ষা ও লালনপালন শেষে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
এর আগেও বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়েছিল বান্দরবান বন বিভাগ। পার্বত্য এ জেলার বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।