মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মধ্য মহাকালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী শাওন বেপারী হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে ৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হলে জেলা ও দায়রা জজ মো: নূর ইসলাম এ আদেশ দেন।

আসামিরা হলো- নৈপুকুরপাড় এলাকার আমির ছৈয়ালের ছেলে ও মামলার প্রধান আসামি শাহ আলম (৪২), স্বরসতি এলাকার রহমান দেওয়ানের ছেলে শাকিল (৩০), নৈরপুকুরপাড় এলাকার আমির সৈয়ালের ছেলে অরুন (৩০) ও একই এলাকার আরাফাত (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন মামলার ফাইলিং ‘ল’ইয়ার অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। মামলার শুনানি করেন অ্যাডভোকেট ফেদ্দৌ উর রহমান মাখন।

অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন বলেন, ‘মুন্সীগঞ্জ সদর থানার মামলা নম্বর ৮ (১২) ২৪ ও জিআর ৪৮২/২৪ এর ৪ জন আসামি নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদেরকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

এর আগে গত বছরের ৩ নভেম্বর মধ্যরাতে দুবাইয়ে ব্যবসার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শাওন বেপারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শাওন বেপারি মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ মহাকালী গ্রামের মরহুম আমিন বেপারির ছেলে। পরে বাদী হয়ে মা শেফালী বেগম ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।